কালীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কালীর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শমিত রাজা।
এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান ও কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন ও নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানকালে কালীর বাজারের একটি কেকের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।





































