২৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৮, ২৪ নভেম্বর ২০২৬

সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সদর উপজেলার ৬১ নম্বর কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ উপলক্ষে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়। একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমানভাবে সময় ব্যয় করছে। এ বাস্তবতায় পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কেবল বই পড়ার একটি স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে কাজ করবে। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশের এই উদ্যোগ একটি ইতিবাচক মাত্রা যুক্ত করেছে।

জেলা প্রশাসক নতুন প্রজন্মের হাত ধরেই সমৃদ্ধ জাতি গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিশুদের চরিত্র গঠনে শিক্ষক, পরিবার ও সমাজের ভূমিকা তুলে ধরেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমাইয়া আশরাফী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়