২৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ২৪ নভেম্বর ২০২৬

বন্দরে ময়লা সংগ্রহে অনিয়ম, নির্ধারিত ফির চেয়ে বেশি আদায়ের অভিযোগ

বন্দরে ময়লা সংগ্রহে অনিয়ম, নির্ধারিত ফির চেয়ে বেশি আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরের লেজারার্স আবাসিক এলাকায় বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা সংগ্রহ না করায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। মাসিক ফি পরিশোধ করেও নিয়মিত সেবা না পাওয়ায় বাধ্য হয়ে সড়কে ময়লা ফেলছেন অনেকে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্ধারিত ১০০ টাকার পরিবর্তে ভবনের তলাভেদে ১৪০ থেকে ১৮০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ময়লা সংগ্রহকারীরা নিয়মিত বাসাবাড়িতে আসেন না। কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত ময়লা সংগ্রহ করা হয় না। ফলে ঘরে ময়লা জমে থাকায় বাধ্য হয়ে সড়কে কিংবা খালি প্লটে তা ফেলছেন বাসিন্দারা। এতে আবাসিক এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় ভাড়াটিয়া দীপা রানী দাস জানান, ময়লা সংগ্রহকারীরা ভবনের সর্বোচ্চ চারতলা পর্যন্ত আসেন। পাঁচতলা বা ছয়তলায় উঠতে চান না। ফলে ওপরের তলার বাসিন্দাদের ময়লা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গৃহিণী জানান, ভবনের তলাভেদে ময়লা সংগ্রহের জন্য মাসিক ১৪০, ১৬০ ও ১৮০ টাকা নেওয়া হয়। অথচ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসন মাসিক ফি ১০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া হলেও নিয়মিত ময়লা সংগ্রহ করা হয় না।

সরেজমিনে দেখা যায়, আবাসিক এলাকার একটি প্লটে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে রয়েছে। সড়কেও ছড়িয়ে পড়েছে বর্জ্য। এলাকাটিতে ৫০টির বেশি বহুতল ভবন রয়েছে, যেখানে শতাধিক পরিবার বসবাস করে। ময়লার দুর্গন্ধে বাসিন্দাদের পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড সচিব পনির হোসেন ও ময়লা সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট শিবু দাসের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

এলাকাবাসী বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা সংগ্রহ নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশনের নির্ধারিত মাসিক ফি কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়ক ও আবাসিক এলাকার খালি প্লটে জমে থাকা ময়লা দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা।

সর্বশেষ

জনপ্রিয়