বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা এবং প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































