২২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২১ জুলাই ২০২৬

আপডেট: ২২:৫৮, ২১ জুলাই ২০২৬

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলসহ চার দাবিতে ফতুল্লায় বাসদের বিক্ষোভ

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলসহ চার দাবিতে ফতুল্লায় বাসদের বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়া, গ্যাস-বিদ্যুৎ-তেলসহ জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় ফতুল্লার শিবু মার্কেটে বাসদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ফতুল্লা থানা শাখার সংগঠক মোহাম্মদ রোহান। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী পুলিশ লাইন আঞ্চলিক শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং সংগঠক শহিদুল ইসলাম।

বক্তারা দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী। তাদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু পরবর্তীতে জাতীয় স্বার্থ উপেক্ষা করে এ ধরনের চুক্তি করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে।

নেতারা আরও দাবি করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ। এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই এসব মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

ফতুল্লার জলাবদ্ধতা প্রসঙ্গে বক্তারা অভিযোগ করেন, ডিএনডি এলাকার বিভিন্ন স্থান বছরের দীর্ঘ সময় পানির নিচে থাকে। তাদের দাবি, অতীতের সরকারগুলো এ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি এবং বর্তমান সরকারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

সমাবেশ থেকে চার দফা দাবি বাস্তবায়ন এবং ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়