জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় জুলাই যোদ্ধা সংসদের প্রতিবাদ
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ’ একটি সংগঠন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংঘঠনের আহবায়ক আবু হাসান টিপু ও সদস্য সচিব এনআরবি মামুন।
বিবৃতিতে তারা বলেন, “নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়, বরং এটি মুক্তিকামী মানুষের চেতনা ও গণ-আকাক্সক্ষার উপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।”
নেতারা বলেন, “বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশে এমনকি দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী, নির্দেশদাতা ও মাষ্টারমাইন্ড অনেকে দেশ থেকে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে থাকা হত্যাকারী খুনিরা বহাল তবিয়তে প্রকাশ্যেই ঘুরে বেরাচ্ছে।”
“শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে চিহ্নিত খুনিদের বিরুদ্ধে মামলা দেয়া হলেও ব্যতিক্রম ছাড়া ওই সকল মামলার কোন অগ্রগতি নেই। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা বিপজ্জনক দিকে মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠবে।”
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে কয়েকজন দুষ্কৃতিকারী।





































