স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সংগঠনটির সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাহিদ হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত-নিপীড়িত মা, বোন ও ভাইসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাক হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের প্রেক্ষাপটেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি দীর্ঘ সময় ধরে সংগ্রাম চালিয়ে গেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে সাহস ও দৃঢ়তার মাধ্যমে একটি জাতি কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হলেও এখনো কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি অর্জিত হয়নি। ইনসাফ, সুবিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আরও কাজ করতে হবে। একটি উন্নত, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সংগঠক আব্দুল্লাহ আল মারুফ, শহিদুল ইসলাম, হৃদয় মীর, সাইফুর ঈমন, শরীফ হোসেন, নাহিদ হাসান, সাজ্জাদ রায়হান, মোহাম্মদ লালন প্রমুখ।





































