২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৮, ২৬ মার্চ ২০২৬

শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের সূচনা হয় এদিন।

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সময়ে জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের সদস্যরা।

স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও কর্মকর্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) ইসমাইল চৌধুরী, পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল চন্দ্র পালসহ অন্যান্যরা।

সকাল ৮টায় শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, মহানগর সদস্য অ্যাডভোকেট বারী ভূইয়া, মশিউর রহমান রনি, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

একই সময়ে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। 

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সকাল ৯টায় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার প্রমুখ।

একই সময়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নাসিক ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কমিটির সদস্য অসিত বরণ বিশ্বাস, সেলিম মাহমুদ, বাসদ বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ, সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জোটের নেতৃবৃন্দ। বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, স্বরচিত লেখা পাঠ ও মূকাভিনয়সহ বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করা হয়।

এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সাধারণ জনগণও জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

সর্বশেষ

জনপ্রিয়