২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া

মহান স্বাধীনতা দিবসে মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া নূর মসজিদের পাশে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের সকল আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন বিজয়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে জামায়াতের বিরুদ্ধে নানা প্রপাগাণ্ডা ছড়িয়ে এবং মিথ্যা মামলায় আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানাই।”

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, “৫৩ বছর ধরে এদেশের মানুষ নানা বৈষম্যের শিকার হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ মানুষ বৈষম্যমুক্ত সমাজের আশায় ঝাঁপিয়ে পড়েছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।” তিনি নতুন বাংলাদেশ গঠনে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মাওলানা সাইফুদ্দিন মনির, হাবিবুর রহমান মল্লিক, সাইদ তালুকদার এবং ফরিদ উদ্দিন আহমেদ।

সভায় পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন জামায়াতে নেতা হাফেজ আক্তার হোসাইন। 

সভার শেষ অংশে প্রধান অতিথি মাওলানা মইনুদ্দিন আহমাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়