২৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫২, ২৩ মার্চ ২০২৬

ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনেদুপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ও ওয়্যারড্রোপ ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এ এস এম তৌফিকুন্নবী বাদী হয়ে সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, তৌফিকুন্নবী তার পৈতৃক চারতলা বাড়ির চতুর্থ তলায় স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা মা-কে নিয়ে বসবাস করেন। দ্বিতীয় তলায় বড় ভাই পরিবারসহ থাকেন এবং বাকি তলাগুলোতে ভাড়াটিয়া রয়েছে।

ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রধান কার্যালয়ে সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কর্মরত। তার স্ত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানরা শ্বশুরবাড়িতে গেলেও কর্মস্থলের কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে তার মা ফাতেমা বেগম (৭০) ফ্ল্যাটে তালা দিয়ে নিচতলায় যান। পরে পৌনে একটার দিকে ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে তিনি আলমারি ও ওয়্যারড্রোপ ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

অভিযোগে বলা হয়, অজ্ঞাতনামা চোরেরা কাঠের ওয়্যারড্রোপ ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা এবং তার মায়ের ঘরের স্টিলের আলমারি ভেঙে আরও ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য প্রায় ৩২ লাখ ১০ হাজার টাকা।

তিনি দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়