০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২১, ৩ মার্চ ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের নেতৃত্বে এমপি আল আমিন অবরুদ্ধ

স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের নেতৃত্বে এমপি আল আমিন অবরুদ্ধ

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলার পর নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় নেতৃত্ব দেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিসিকের একটি কারখানার ভেতর যখন এমপি অবরুদ্ধ ছিলেন তখন নিচে অনুসারীদের নিয়ে অবস্থানে ছিলেন রাসেল মাহমুদ। তাকে তখন পুলিশ সেখান থেকে সরে যেতে বললে ‘এমপি প্রকাশ্যে ক্ষমা না চাইলে যাবেন না’ বলেও জানান।

এদিকে, বিসিকে এমপিকে অবরুদ্ধ করে রাখা কয়েকজন যুবকের হাতে হকিস্টিক ও বাঁশ দেখা যায়।

তবে, এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদ সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবরুদ্ধের দুই ঘন্টা পর রাত আটটার দিকে পুলিশের গাড়িতে চাষাঢ়ায় এনসিপির কার্যালয়ে আনা হয়। সেখানে সাংবাদিকদের এমপি আব্দুল্লাহ আল আমিনও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদের নেতৃত্বে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ওই সময় এনসিপির নেতা-কর্মীদের উপর হামলাও চালান। এতে কয়েকজন আহতও হয়েছেন। 
এমপি বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকে তান্ডব বলেছিল মোহাম্মদ হাতেম। আমরা তাকে ফ্যাসিস্টের দোসরই মনে করি। ফ্যাসিস্টের সহযোগী সেলিম ওসমান যখন বিকেএমইএ’র সভাপতি ছিলেন তখন তিনি ছিলেন নির্বাহী সভাপতি। হাতেম এই প্রোগ্রামে থাকবেন জানলে আমি যেতামই না। আমি  বক্তব্যে বলেছি, ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আমি স্টেজ শেয়ার করতে পারিনা। এরপর উনি ওনার গুন্ডা-পান্ডাদের নিয়ে এসে আমাদের উপর হামলার চেষ্টা করেছেন। আমাদের নেতা-কর্মীদের মারধরও করেছেন।”

স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। তিনি ‘সন্ত্রাসী বাহিনী নিয়ে’ বিসিকের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলেও অভিযোগ রয়েছে। ব্যবসায়ী নেতা হাতেমের সহযোগিতায় তিনি ‘ঝুট সন্ত্রাস’ চালান বলেও একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। বিগত সময়ে রাসেলের অনুসারী সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

“একটি বক্তব্যকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা ঘটেছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে”, বলেন এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়