জাবির হলে মিললো নারায়ণগঞ্জের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে নারায়ণগঞ্জের বাসিন্দা এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অরুপ রতন (কনিস্ক মাঝি) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, হলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানানো হয়। পরে প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তায় মরদেহ নামানো হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাঁরা ইতিমধ্যে রওনা হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।





































