সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্রসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ওয়ান শুটার গান ও গুলিসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. মুজিবুর রহমানের অংশগ্রহণে একটি আভিযানিক দল মসজিদ খানপুর মেইন রোডের ৪৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলা ও কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং এলাকায় অভিযান চালায়।
এসময় ১টি লোহার ছুরি, ১টি কাঠের বাটযুক্ত দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড তাজা গুলি, ১টি স্প্রিং, শুটার গানের ৩টি লোহার অংশ, ১টি স্টিলের অংশ, ১টি খেলনা পিস্তল, ১১টি গুলির খোসাসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয়— মসজিদ খানপুর মেইন রোড এলাকার মৃত মোস্তফা আহমেদের ছেলে
জাহিদ হাসান লেলিন (৩৭), এবং কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং এলাকার মো. শামছুল হকের ছেলে মো. জিয়াউর রহমান রাইয়ান (৪০) কে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. অন্তু (২৩), মো. সিয়াম (২১), আপন (২৩), মো. মিজানুর রহমান শাওন (৪১)।
তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।





































