২৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৬, ২৬ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের জন্য রোটারি ক্লাবের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শিক্ষার্থীদের জন্য রোটারি ক্লাবের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকার পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চিকিৎসক বাপ্পি কুমার দাসসহ কয়েকজন চিকিৎসক।

বাপ্পি কুমার দাস বলেন, শিশুদের মধ্যে সাধারণত যেসব রোগের প্রকোপ বেশি দেখা যায়, সেসব রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ বলেন, রোটারি ক্লাব সবসময় মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ সময় রোটারিয়ান মোক্তার হোসেন টমাস, মাসুদ রানা, লুৎফর রহমান কাকন, এমরান আলী সজীব ও আনন্দ ইউসুফসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়