২৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৮, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির অভিযোগ

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সামিরের ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ রয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সামির হোসেন। তায়েব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে সামির পুলিশ ডেকে তাঁকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে চলে যান। পরে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনার জেরে সন্ধ্যায় তায়েবের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। সেখানে সামিরের মাকে গালিগালাজ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

সামির হোসেনের অভিযোগ, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেন তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার তাঁর ওপর গুলি চালানো হয়েছিল বলে জানান সামির। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

তায়েব শিকদার দাবি করেন, সামির নিজেই নিজের বাড়িতে ভাঙচুর ও ফাঁকা গুলি করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার জন্য সামির ঘটনাটি সাজিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তায়েব বলেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়