নাশকতায় অর্থ জোগানোর অভিযোগে ব্যবসায়ীদের তালিকা করার কথা জানালেন টিপু
নারায়ণগঞ্জে অগ্নিসংযোগ ও নাশকতায় অর্থ জোগানোর অভিযোগে কিছু ব্যবসায়ীর তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তালিকাটি প্রশাসনের কাছে দেওয়া হবে।
পোস্টে টিপু অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যবসায়ী অগ্নিসংযোগ ও নাশকতার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ জোগাচ্ছেন।
এ ঘটনায় যাঁদের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়া বা অর্থ জোগানোর অভিযোগ রয়েছে, নিজ নিজ এলাকায় তাঁদের নামের তালিকা তৈরি করে জমা দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন টিপু।





































