২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৪, ২০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার

ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা জসিম দেওয়ানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গঠিত একটি সাংগঠনিক কাঠামোর সঙ্গে জসিম দেওয়ানের সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ। ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, জসিম দেওয়ানকে ‘গেরিলা কমান্ডার’ বলা যাবে না। তবে ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি মূল দায়িত্বে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক কয়েকটি মিছিল ও অগ্নিসংযোগের ঘটনায় জসিমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সোনারগাঁ থানায় দায়ের করা বাস পোড়ানোর একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

জসিম দেওয়ানের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হাসিনুজ্জামান বলেন, কোনো কমিটিতে তাঁর পদ-পদবি থাকার তথ্য পাওয়া যায়নি। তবে তিনি জেলার সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সৈয়দপুরের ফকিরা বাড়িসংলগ্ন একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় জসিম দেওয়ান ভবনের ছাদ থেকে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। তবে আগে থেকেই আশপাশে ডিবির সদস্যরা অবস্থান করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানের সময় তাঁর কাছ থেকে কিছু লিফলেট, ডায়েরি ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের একটি সূত্র।

সর্বশেষ

জনপ্রিয়