মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ
চাষাঢ়ায় বরখাস্ত পুলিশ সদস্যকে আটকে মারধর
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মেহেদী হাসান নামে এক বরখাস্ত পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় তাকে দেখে স্থানীয়রা আটক করেন। আটকের পর সিভিল পোশাকে থাকা মেহেদী হাসানকে মারধরও করা হয়। পরে তাকে চাষাঢ়া ট্রাফিক বক্সে নিয়ে গিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
অভিযুক্ত মেহেদী হাসান নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
ভুক্তভোগী লেগুনাচালক ফারুক হোসেন অভিযোগ করে বলেন, শনিবার রাতে তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা নেওয়া হয়। এরপর তাকে বলা হয়, ‘তোকে দেখে মায়া লাগছে, তাই তোকে ছেড়ে দিলাম।’

ফারুক হোসেন বলেন, ‘আমার মেয়ের পরীক্ষার ফি ও ঘর ভাড়ার টাকা নিয়েছে। আমার বাসায় ফোন দিয়ে বলেছে, আমার সঙ্গে ফেনসিডিল পেয়েছে। এই মিথ্যা কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আনিয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, রোববার বিকেলে একইভাবে অন্য একজনকে ভয় দেখাতে দেখে তিনি মেহেদী হাসানকে হাতেনাতে আটক করেন।
অভিযুক্ত মেহেদী হাসান বলেন, ‘আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তারা তিন-চারজন মিলে আমাকে মারধর শুরু করে। তারা কারা এবং কী কারণে আমাকে মারধর করেছে, সে বিষয়ে কিছু জানি না।’
তবে পরে ট্রাফিক বক্সের ভেতরে পুলিশের উপস্থিতিতে ফারুকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে মেহেদী হাসান স্বীকার করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































