ফতুল্লায় মাদকসেবনের দায়ে ১৮ জনের সাজা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।
চাষাড়া রেলস্টেশন ও নির্মাণাধীন প্ল্যাটফর্ম এবং নরসিংহপুর সানির মাদক স্পটে অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন মো. আজিজ (৩৩), মো. মোশারফ (১৯), মো. রাসেল (২৮), মো. সুজন (২১), মো. বিজয় (১৯), মো. ইব্রাহিম (৩৫), মো. আলামিন (২৫), মো. রবিন (২৭), মো. রাজন (২০), মো. জিসান (২৫), মো. ফরিদ (২০), ফজর আলী (৪০), মিনহাজ (১৯), তানজিল (২৪), মো. ইমরান (১৯), মো. মারুফ (১৯), মো. জনি (২৫) এবং তুষার বার (১৮)।
রোববার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। আদালত ১৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপর একজনকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও এ ধরনের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।





































