রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-কুপ্রস্তাবের অভিযোগ স্কুল পরিচালক নারীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারধরের অভিযোগে মামলা করায় স্কুল পরিচালক নারীর পরিবারের সদস্যদের উপর হামলা ও স্কুলে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রূপগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান ও তার অনুসারীরা হামলাকারীদের পক্ষ নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। তাশিক ওসমান তাকে কুপ্রস্তাব দিয়েছে বলেও অভিযোগ করেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস, তার স্কুলের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধননে ভুক্তভোগী রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ৩ মে তার ওপর প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
তিনি আরও বলেন, “গত ২৩ তারিখ আসামিরা আদালতে বন্ড (মুচলেকা) সই দিয়ে আসার পর, ৪ আগস্ট আকস্মিকভাবে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জান্নাতুল ফেরদৌসের বাড়ি এবং তার পরিচালিত 'রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল'-এ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে ক্ষতিসাধন করে এবং পুনরায় ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতন চালায়।”
এ নারী আরও অভিযোগ করেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, বিএনপি নেতা শেফায়াতুল্লাহ, নুরুজ্জামান এবং হানিফ নামের ব্যক্তিরা হামলাকারীদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের পক্ষে হুমকি দিচ্ছেন। তাশিক ওসমান ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন।
তবে, এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের মুঠোফোনের নম্বরে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।





































