শফিকুর রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জে জামায়াতের ব্যাপক প্রস্তুতি
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর আসন্ন কর্মী সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার (১৭ জুন) সম্মেলনস্থল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। এ সময় তারা সার্বিক প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ডা. শফিকুর রহমানের আগমন নারায়ণগঞ্জবাসীর জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। ন্যায় ও ইনসাফপূর্ণ নারায়ণগঞ্জ গঠনে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এই আয়োজন সফল করতে প্রশাসন, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ডা. শফিকুর রহমান শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও দাবি তার সামনে তুলে ধরবেন বলে জানান। একই সঙ্গে সম্মেলনকে সফল করতে সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন বলেন, জাতির ক্রান্তিকালে ডা. শফিকুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তাকে যথাযোগ্য মর্যাদায় বরণ করা হবে। এই সম্মেলন থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।





































