১৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ১৮ জুন ২০২৬

আপডেট: ১৮:৩০, ১৮ জুন ২০২৬

জনগণের জীবনমান সহজ ও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে

জনগণের জীবনমান সহজ ও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারপ্রধান। তিনি চান সারা বাংলাদেশে সমানভাবে উন্নয়ন হোক। দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান সহজ ও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে।” 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু। একটি মহল বিভিন্ন কারণে এ সেতুর কাজ দীর্ঘদিন আটকে রেখেছে, যার ফলে রূপগঞ্জবাসী প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সেতু দুটির কাজ সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, “সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “সেতুগুলো নির্মিত হলে ঢাকা থেকে রূপগঞ্জে অল্প সময়ে আসা-যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে এই সড়ক ব্যবহার করে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীদের যাতায়াতও আরও সহজ হবে।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বাশিরউদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট গোলজার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়