০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫০, ৫ মার্চ ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়াসহ দেশের পাঁচটি বিভাগে একযোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অব বাংলাদেশ।

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনটির সেবা শাখার অধীনে ‘ইফতার ডিস্ট্রিবিউশন ৪.০’ প্রকল্পের আওতায় সারাদেশের পাঁচটি বিভাগের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

২০২১ সালের ৪ মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি সূচনালগ্ন থেকেই দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে সংগঠনটি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
নারায়ণগঞ্জে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার মনির হোসেন, লজিক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি।

অনুভূতি ব্যক্ত করে শেখ মাশরুর পারভেজ রাফি বলেন, ‘লজিক অব বাংলাদেশ’ শুধু একটি নাম নয়, এটি একটি স্বপ্ন ও বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে নিজেকে চিনতে শেখায় এবং চিন্তার সীমাবদ্ধতা অতিক্রম করে উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে। ‘Oath to Build the World’ মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালে গুটিকয়েক স্বপ্নবাজ শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সংগঠনটি দেশব্যাপী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর আস্থার জায়গায় পরিণত হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনটি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে এবং তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠিত উদ্যোগ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে একটি সমৃদ্ধ, টেকসই ও মানবিক সমাজ গঠন সম্ভব। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই লক্ষ্য অর্জনের পথে আরেকটি পদক্ষেপ।

সর্বশেষ

জনপ্রিয়