নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয়: জব্বার
নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, কিন্তু সেই শিক্ষার সঙ্গে নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ যুক্ত না থাকলে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।
৫ই মার্চ বৃহস্পতিবার নাসিক ৯ নং ওয়ার্ড ঝালকুড়িতে অবস্থিত তাজকিয়াতুল মিল্লাত হিফজ মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো নৈতিক শিক্ষার অভাব। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের শিক্ষা দিতে হবে। এতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যদি তারা সৎ, নীতিবান ও চরিত্রবান হিসেবে গড়ে ওঠে, তাহলে দেশ ও জাতির ভবিষ্যৎ হবে উজ্জ্বল। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফলের দিকে নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
এসময় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।





































