নগরীর সমস্যা সমাধানে একসঙ্গে কাজের আশ্বাস প্রশাসক–চেম্বার
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলের নেতৃত্বে চেম্বারের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য চেম্বারের ইফতার মাহফিলে প্রশাসককে দাওয়াত প্রদান করা হয়।
সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে চেম্বার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ব্যবসায়ী সমাজ সবসময় প্রশাসনের পাশে থেকে কাজ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বরাবরের মতো নাগরিক উন্নয়নে চেম্বার ও ব্যবসায়ী সমাজ সহায়তা অব্যাহত রাখবে।
তিনি বিশেষভাবে যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং বিকল্প সড়ক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। মহিলা কলেজ থেকে মনির হোটেল পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত চালু করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সিটি প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে নগরবাসীর জন্য কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করতে চান। এ ক্ষেত্রে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক মোস্তফা এমরানুল হল মুন্না, পরিচালক মুজিবুর রহমান ও পরিচালক আহমেদুর রহমান তনু।





































