সনাতনী সমাজে ঐক্য, লাঙ্গলবন্দ স্নানোৎসব ঘিরে প্রস্তুতি সভা
আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব-২০২৬ উপলক্ষে দ্বিধা-বিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন নারায়ণগঞ্জের সনাতনী সমাজের নেতৃবৃন্দ। জেলার সকল সনাতনী সংগঠনের মতামতের ভিত্তিতে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আসন্ন স্নানোৎসবকে কেন্দ্র করে ১৮টি স্নানঘাট, ২৮টি মন্দির, ৬টি আশ্রম ও ৩টি আশ্রয়স্থলজুড়ে লাখো সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটবে।
পরিতোষ কান্তি সাহার আহ্বানে এবং প্রবীর কুমার সাহার সমন্বয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সরোজ কুমার সাহা, সাংবাদিক শংকর কুমার দে, ননী গোপাল সাহা, শংকর চন্দ্র সাহা, প্রদীপ কুমার দাস, জয় কে রায় চৌধুরী বাপ্পি, লিটন চন্দ্র পাল, অ্যাডভোকেট রাজীব মন্ডল, প্রশান্ত সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবসহ সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বৈষম্যমূলক আচরণ পরিহার করে রাষ্ট্র ও সমাজের কল্যাণে মানুষের সেবাকেই মুখ্য করা হবে।
সভায় ৮ সদস্যের উপদেষ্টা পর্ষদ এবং বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি ও তীর্থ সেবা-ক্যাম্পের প্রতিনিধিদের নিয়ে ১০১ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়। গত ২ মার্চ সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সার্বিক সহযোগিতা চেয়ে একটি অবহিতকরণ পত্র প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি মার্চ মাসের ২৫ তারিখ বুধবার শুক্লা অষ্টমী তিথি বিকেল ৫টা ১৯ মিনিটে স্নানোৎসব শুরু হবে এবং পরদিন ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা ১ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি চলবে।





































