সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, চুরির অটোরিকশা উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৬ জন মাদক কারবারিসহ চুরি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার (৩ মার্চ) রাত তিনটা থেকে বুধবার (৪ মার্চ) ভোর চারটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন, ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আরিফ হাসনাত শাওন (২১), মো. জয় (২৩), মো. নুরুজ্জামান (৫৫), মো. লুৎফর রহমান (২৮), দ্বীন মোহাম্মদ (৪৫), আমেনা বেগম (৪২), খোকু মনি (৪০), আমেনা বেগম (৫৮), সুলতানা বেগম (৩৮), রাবিয়া বেগম (৫৮), আলেহা বেগম (৫৫), শুভ (২৭), রাজ (২০), শাকিল (১৯), মনির হোসেন হৃদয় (২৬), শাহ আলম (৩২), হৃদয় (৩০), ওমর ফারুক (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মাইন উদ্দিন (১৯), রাকিব (২৩) ও ইব্রাহিম (২২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দুটি চোরাই অটোরিকশা উদ্ধারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































