রূপগঞ্জে বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
কম্বল বিতরণ, বৃক্ষরোপণ এবং বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসাবো এলাকার ফানল্যান্ড পার্কে এ আয়োজন করা হয়।
পুনর্মিলনী উপলক্ষে স্থানীয় পথচারী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গোলাকান্দাইল-যাত্রামুড়া সড়কের বেড়িবাঁধে ৪০টি সেগুন গাছের চারা রোপণ করা হয়।
এ ছাড়া সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী ও আবুল বাশার প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান মাসুদ, জহিরুল ইসলাম হৃদয়, সেলিম রেজা, মাহবুবুল আলম টিপু ও ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।





































