রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাত তিনটার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দেয়। পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ভূলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































