বন্দরে অফিসের গোপন চেম্বারে স্কাফ, বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার লাঙ্গলবন্দ এলাকার একটি ট্রাক স্ট্যান্ডের অফিসকক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি।
এ সময় ৯৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ ও ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাও জব্দ করেছে সংস্থাটি।
অভিযানে গ্রেপ্তার হয়েছেন উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)।
এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করিমের মালিকানায় কয়েকটি ট্রাক রয়েছে। জগীপাড়ার অভিযান চালানো স্থানটিতে ট্রাকগুলো রাখা হতো। ট্রাক স্ট্যান্ডে স্থাপিত একটি অফিস কক্ষের গোপন চেম্বারের ভেতরে স্কাফ সিরাপের বোতলগুলো মজুদ করা ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব মাদকদ্রব্য জব্দ করা হয় জানিয়ে এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী বলেন, গ্রেপ্তার দুইজনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





































