টানবাজারে ৮১.৬ টন কেমিক্যাল ও কাঁচামালের গুদাম সিলগালা
নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়ে প্রায় ৮১.৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। পণ্যগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এম আর ট্রেডার্সের গুদাম সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে সিম ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইটের হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। শুল্ক-কর ফাঁকি ও বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১.৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল পাওয়া যায়। তবে এসব পণ্য ক্রয়, আমদানি কিংবা বৈধভাবে মজুদের পক্ষে প্রতিষ্ঠানটি কোনো দলিল দেখাতে পারেনি। এ কারণে পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়।
অন্যদিকে, একই অভিযোগ যাচাই করতে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি গত ১৭ অক্টোবর সি-১২৯৩৪৮২ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে ভারত থেকে বন্ড সুবিধায় ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করেছিল। অভিযানকালে এসব কেমিক্যালের হদিস পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি। কেমিক্যালগুলো উৎপাদনকাজে ব্যবহার না করে খোলাবাজারে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং নন-বন্ডেড গুদামে বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, পণ্যগুলোর প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য, বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার এবং কোনো রাজস্ব ফাঁকি হয়েছে কি না, তা নিরূপণে তদন্ত চলছে।





































