১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ময়লা-আবর্জনা, অব্যবস্থাপনায় সংকটের মুখে ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ

ময়লা-আবর্জনা, অব্যবস্থাপনায় সংকটের মুখে ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো সোনাকান্দা দুর্গ এখন ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও অব্যবস্থাপনায় সংকটের মুখে। ঐতিহাসিক এই স্থাপনার ভেতর ও আশপাশে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্গের সৌন্দর্য ও ঐতিহ্যগত মূল্য।

ইতিহাসবিদদের মতে, সপ্তদশ শতকের আগে গড়ে ওঠা তিনটি জলদুর্গের অন্যতম সোনাকান্দা দুর্গ। ধারণা করা হয়, বাংলার সুবাদার মীর জুমলার সময়ে ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে জলদস্যুদের লুটতরাজ ঠেকাতে এটি নির্মাণ করা হয়। স্বর্ণময়ী বা সোনা বিবির কিংবদন্তি এবং লালবাগ কেল্লার সঙ্গে কথিত গোপন সুড়ঙ্গের গল্পও দুর্গটিকে ঘিরে স্থানীয় লোককাহিনির অংশ হয়ে আছে।

সম্প্রতি সরেজমিনে দুর্গের দেয়াল ঘেঁষে ময়লা পানি ও বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ দেখা গেছে। পলিথিন, প্লাস্টিক, ফল ও গাছের বর্জ্য, কাঠের টুকরা, সেলুনের ফেলে দেওয়া চুল, ভাঙা ককশিট, নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষসহ কিছু মেডিকেল বর্জ্যও পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ময়লা পরিষ্কার করা হলেও দুর্গসংলগ্ন এলাকার বর্জ্য নিয়মিত পরিষ্কার করা হয় না। দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় দুর্গের পাশের একটি পুকুরও প্রায় ভরাট হয়ে গেছে। এতে দুর্গন্ধের পাশাপাশি বেড়েছে মশার উপদ্রব।

স্থানীয় বাসিন্দা মো. পাবেল বলেন, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন। কিন্তু ময়লার দুর্গন্ধের কারণে তারা বেশিক্ষণ থাকতে পারেন না। ঐতিহাসিক স্থাপনাটি পরিচ্ছন্ন ও সংরক্ষিত রাখার দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা মো. রাসেল বলেন, দুর্গের মাঠে এলাকার শিশুরা খেলাধুলা করে। কিন্তু বর্তমান পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গটি সংরক্ষণ করা প্রয়োজন।

রুহুল আমিনের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভাবে রাতের বেলায় দুর্গ এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।

নাতি-নাতনিদের নিয়ে দুর্গে ঘুরতে আসা আলী আজগর বলেন, ‘আগে এখানে অনেক সুন্দর পরিবেশ ছিল। এখন চারপাশে ময়লা আর দুর্গন্ধ। এমন একটি জাতীয় ঐতিহ্যের জায়গা এভাবে অবহেলায় পড়ে থাকা দুঃখজনক।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার ও সংরক্ষণে ধাপে ধাপে কাজ করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে হাজীগঞ্জ দুর্গ এবং পরে সোনাকান্দা দুর্গের সংস্কার ও সুরক্ষার কাজ হাতে নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে। সোনাকান্দা ও হাজীগঞ্জ দুর্গের উন্নয়ন ও সংরক্ষণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ পরিচালনার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়