সিদ্ধিরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীসহ মোট গ্রেপ্তার ২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। একই অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ১৬ জন এবং পূর্বের একটি চুরি মামলার এক আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী হলেন মো. রাসেল (২৮), সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬)। তাদের মধ্যে রাসেল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। সোয়েব আক্তারের ঠিকানা ঢাকার বাড্ডা এবং সজিব খলিফার স্থায়ী ঠিকানা বরিশালের উজিরপুর; তিনি ঢাকার বাড্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
এছাড়া সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ১৬ জনকে এবং পূর্বের একটি চুরি মামলার আসামি মো. রাকিব মিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২০ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।





































