৩০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ২১:০৮, ২৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা কিন্ডার গার্টেন (ডিকেজি) অ্যাসোসিয়েশন থেকে বিদ্যালয়ের ৬ জন ট্যালেন্টপুলসহ মোট ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন।

বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক, মহাসচিব মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েম হোসেন, ডিকেজির আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন ঢালী, কার্যকরী সদস্য মো. আল মামুন, হাজী আব্দুল জাব্বার ইসলামিক মডেল হাইস্কুলের পরিচালক মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন রবিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কখনো অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা উচিত নয়। প্রত্যেক শিশুর মেধা ও প্রতিভা আলাদা। তিনি বলেন, পরিবারের কাছ থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে। শুধু লেখাপড়া ও সার্টিফিকেট নয়, ভালো মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা।

পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ম্যাগাজিন ও অনুদান তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়