২৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকার আগুনে নিহতদের লাশ আনতে সহায়তার আশ্বাস ইউএনও’র

দক্ষিণ আফ্রিকার আগুনে নিহতদের লাশ আনতে সহায়তার আশ্বাস ইউএনও’র

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইউএনও বলেন, এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক কোনো তালিকা পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চারজন এবং বক্তাবলী ইউনিয়নের একজনসহ মোট পাঁচজন ওই ঘটনায় নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, “প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য সংরক্ষণ করা হয়েছে। দূতাবাস থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া মাত্র সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে।”

এস এম ফয়েজ উদ্দিন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে তা দ্রুত নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মরদেহ দেশে আনা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবারগুলো কোনো ধরনের জটিলতার মুখে না পড়ে।

ইউএনও আরও জানান, প্রবাসী কল্যাণ শাখার সহকারী পরিচালকের সঙ্গেও আলোচনা হয়েছে। পরিবারগুলোর সঙ্গে তার যোগাযোগ স্থাপন করা হবে, যাতে মরদেহ দেশে আনা, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

মঙ্গলবার রাত তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে আগুনের ঘটনায় ছয়জন মারা যান। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ও একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা।
 

সর্বশেষ

জনপ্রিয়