মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব ব্যবসায়ী নেতা সোহেলের
নারায়ণগঞ্জে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে কয়েকটি এলাকাকে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ আয়োজিত ‘টাউন হল সভা’য় বক্তব্য প্রদানকালে তিনি এ প্রস্তাব দেন।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার রাতারাতি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিকল্পিতভাবে ধাপে ধাপে কার্যক্রম গ্রহণ করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা নির্বাচন করে একটি পাইলট প্রকল্প নেওয়া যেতে পারে। লক্ষ্য থাকবে, ওই এলাকাগুলোকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা। পরবর্তীতে প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পুরো জেলায় তা সম্প্রসারণ করা সম্ভব।
তিনি আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
র্যাবের আয়োজিত এ সভার প্রশংসা করে তিনি বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ী সমাজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে।





































