৩০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ২৯ জুলাই ২০২৬

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে হামলা, টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে হামলা, টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক শিক্ষকের বাড়িতে ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ওই শিক্ষকের বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবার।

বুধবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে ফতুল্লার দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি নয়, চুরির মতো ঘটনা বলে দাবি করেছে।

আহত আলী হোসেন (৬৫) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আমির হোসেনের বাবা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার মাথায় প্রায় ২০টি সেলাই দিয়েছেন।

শিক্ষক আমির হোসেন জানান, ভোর ৪টার দিকে ৬ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি কলাপসিবল গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। তার বাবা তাদের পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তার মা ফরিদা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয় এবং আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, প্রায় ৪০ মিনিট ধরে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে অবস্থান করে। এ সময় আহত আলী হোসেনের মাথা থেকে রক্তক্ষরণ হলেও তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে তারা চলে গেলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আমির হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছাড়া আর কেউ ছিলেন না। লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের পরিমাণ হিসাব করে থানায় মামলা করা হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়নি। দুই থেকে তিনজন ব্যক্তি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করেছিল এবং তেমন কিছু নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। আলী হোসেনের মাথায় কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়