বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, জব্দ ৫ হাইড্রোলিক হর্ন
শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৫টি হাইড্রোলিক হর্নও জব্দ করা হয়।
সোমবার (২৭ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি লঙ্ঘনের দায়ে ১৯(২) বিধি অনুযায়ী শব্দদূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





































