রূপগঞ্জে ৫০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় কবির মিয়ার বাড়ির সামনে কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো. নাইমুর রহমান (২৬)। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৫০ গ্রাম) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।





































