২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১৯ জুলাই ২০২৬

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা আক্তার মায়া (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে স্বামী আসলাম হোসেন ও তার কথিত প্রেমিকা শাহিনা পলাতক রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় আমেনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোন নাছিমা অভিযোগ করে বলেন, প্রায় ৩০ বছর আগে আমেনার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। তিনি দাবি করেন, স্বামী আসলাম হোসেন পাশের বাড়ির এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ সম্পর্কের প্রতিবাদ করায় আসলাম ও তার কথিত প্রেমিকা মিলে আমেনাকে হত্যা করেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তকারী চিকিৎসকেরা প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন, যদিও আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে স্বামীকে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়