বন্যার্তদের জন্য সংগ্রহ করা অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জের ফতুল্লায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সংগ্রহ করা ৩১ হাজার ৫৫০ টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বন্যার্তদের পাশে দাঁড়াতে গত ১২ জুলাই থেকে ফতুল্লার বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ কর্মসূচি পরিচালনা করেন একদল সাধারণ শিক্ষার্থী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় তারা এ অর্থ সংগ্রহ করেন।
শিক্ষার্থীরা জানান, দেশের কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এ উদ্যোগ নেন। এলাকাবাসী, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও স্বেচ্ছাসেবী টিমের সহযোগিতায় সংগৃহীত অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের সহায়তায় হস্তান্তর করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা ও সহযোগিতায় ৩১ হাজার ৫৫০ টাকা বন্যার্তদের সহায়তায় হস্তান্তর করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো সংকটে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা রয়েছে।’
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রুপম, ফারদিন, অনন্ত, আলভী ও নাজিম।





































