বন্দরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে ইমরান হোসেন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় স্বপ্না আক্তারের ভাড়া বাড়ির পাশের একটি ফাঁকা কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন কাইতাখালী এলাকার আমির হোসেন ও মিনু বেগমের ছেলে। তিনি বর্তমানে কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বন্দর থানার এসআই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”





































