ফতুল্লায় মসজিদের জমিতে হামলা-ভাঙচুর, নির্মাণসামগ্রী লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকায় একটি মসজিদের জন্য বায়নাকৃত জমিতে হামলা, বাউন্ডারি দেয়াল ভাঙচুর, নির্মাণসামগ্রী লুট এবং মসজিদ কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে কাশিপুর মধ্যপাড়া এলাকায় ‘মসজিদ এ কুবা’র পাশে বায়নাকৃত জমিতে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে বলা হয়, মুন্সীগঞ্জ জেলার বিনোদপুর এলাকার মো. শহিদুল ইসলাম দলিলমূলে দুই শতাংশ জমির বায়নাসূত্রে মালিক হন। সেখানে মসজিদ কমিটির উদ্যোগে নির্মাণকাজ শুরু হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিভিন্ন সময় বাধা প্রদান এবং কমিটির সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন কাশিপুর মধ্যপাড়া এলাকার খন্দকার গিয়াস উদ্দিন (৬৭), খন্দকার জামাল হোসেন (৪৫), এজাজ আহমেদ অন্তর (২০), জাহিদ হাসান অপূর্ব (১৮), এবং আলম দেওয়ান (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি, চাকু ও হকিস্টিক নিয়ে জমিতে প্রবেশ করে। তারা মসজিদের জন্য নির্মিত বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এবং সেখানে রাখা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের রড, অ্যাঙ্গেল, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় মসজিদের সেক্রেটারি মো. আল আমিন (৩৬) বাধা দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি বাদী ও মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বাদী মো. শহিদুল ইসলাম বলেন, হামলার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো এবং তাদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































