এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “এই গাছই একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে।”
সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সোনারগাঁ উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের বিতরণ করা চারা নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় সরকারের গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে সোনারগাঁবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষা সবার নৈতিক দায়িত্ব।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তারা প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়ক এবং ঐতিহাসিক বৈদ্দেরবাজার ঘাট উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। তিনি বলেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং বৈদ্দেরবাজার ঘাটের আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































