অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
টাইফয়েড জ্বরে আক্রান্ত বন্দর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (৭ জুলাই) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারা।
প্রেসক্লাবের সভাপতি মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত এবং সদস্য সাজিদ হোসেন কিবরিয়া।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ জুন হঠাৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন এই প্রবীণ ফটো সাংবাদিক। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ জুন তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
সহকর্মীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।





































