সোনারগাঁয়ে আগুনে পুড়ল চিপস কারখানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার আসবাবপত্র, প্রস্তুতকৃত চিপস, কার্টন, প্লাস্টিকের প্যাকেট, বিভিন্ন মেশিনারিজসহ প্রায় ৫ হাজার বর্গফুট আয়তনের একটি সেমিপাকা টিনশেড ঘর পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ৬টা ১২ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা সম্ভব হয়।
কারখানার মালিক তাবারক বলেন, “এই কারখানাই ছিল আমার আয়ের একমাত্র উৎস। এখন আমি পথের ফকির হয়ে গেলাম।” তিনি ক্ষতিগ্রস্ত কারখানাটি পুনরায় চালু করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সময়োপযোগী অভিযানের ফলে প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।





































