০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ভস্মীভূত

বন্দরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ভস্মীভূত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে রোববার সকালে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় ৫টি বসতঘর পুড়ে গিয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহত নেই এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়