নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি-মাদক উদ্ধার
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে র্যাব-১১ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৫টায় র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায়। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়।
রোববার সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





































