ফতুল্লার মানুষ মোহাম্মদ আলীর বিকল্প ভাবেন না: বিআরপি চেয়ারম্যান
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষে ফতুল্লায় নির্বাচনী গণসংযোগ করেছেন দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার ফতুল্লায় অনুষ্ঠিত গণসংযোগে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী অনুপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে কেএম আবু হানিফ হৃদয় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফতুল্লার কৃতি সন্তান। তিনি নিঃস্বার্থভাবে দেশ স্বাধীন করার জন্য লড়েছেন এবং ফতুল্লাবাসীকে গর্বিত করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে জয়ী হবেন।”
তিনি আরও বলেন, “যতো বেশি প্রার্থী থাকবে, ততো বেশি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিশ্বাস করে রাষ্ট্র ও ক্ষমতা জনগণের। ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে ‘হাতি’ মার্কা বিজয়ী হবে এবং ফতুল্লার মানুষ মোহাম্মদ আলীর বিকল্প আর অন্য কাউকে ভাবতে পারে না।”
চেয়ারম্যান বলেন, মোহাম্মদ আলী নির্বাচিত হলে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অন্যান্য নাগরিক সমস্যার সমাধান করতে কাজ করবেন।





































