টাকার কাছে নিজের বিবেক বিক্রি করবেন না: ইকবাল
নাগরিক অধিকার, জনসেবা, সামাজিক নিরাপত্তা ও ফতুল্লার সমগ্র উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে বলে মনে করেন কমিউনিস্ট পার্টির নেতা ও কাস্তে মার্কা প্রার্থী ইকবাল হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ফতুল্লার লামাপাড়া, রামারবাগ, লাল খা, মক্কার মাঠ, ফতুল্লা রেলস্টেশন, জাপা ইদ্রাকপুর কোঁচপাড়া, শাজাহান রি-রোলিং মিলস ও কোতালেরবাগ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস কায়েমের রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন। টাকার কাছে নিজের বিবেক বিক্রি করবেন না। সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সমাজ বদলের দিকে এগিয়ে আসুন।”
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. এ. শাহীন, শ্রমিক নেতা গাজী নুর আলম, তোফাজ্জল হোসেনসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।
ইকবাল হোসেন আরও বলেন, “আমরা ব্যয়বহুল শোডাউন করতে পারি না। তাই পায়ে হেঁটে দ্বারে দ্বারে এসে ভোট ও দোয়া চাইছি। যারা প্রচুর টাকা খরচ করে নির্বাচন করবে, তারা নির্বাচিত হলে জনগণের দিকে ফিরে তাকাবে না। জনগণের দুর্ভোগ ও উন্নয়নহীনতা অব্যাহত থাকবে।”
তিনি তার নির্বাচনী অঙ্গীকারে বলেন, নির্বাচিত হলে- জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে, জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হবে, নারীর নিরাপদ চলাফেরা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, শিক্ষার দুরাবস্থা পরিবর্তন করে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে, শ্রমজীবী মানুষের রুটি-রুজি, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইকবাল হোসেন ফতুল্লাবাসীর কাছে অনুরোধ করেন, আসুন ‘কাস্তে’ মার্কায় ভোট দিয়ে জনস্বার্থ ও ফতুল্লার উন্নয়ন নিশ্চিত করি।





































